মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে দোহা, দুবাই ও আবুধাবি গামী ফ্লাইটের ক্ষেত্রে এ সিদ্ধান্ত আপাতত কার্যকর হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১ মার্চ) এক বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইটসমূহ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। তবে আঞ্চলিক পরিস্থিতির কারণে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনায় সাময়িক পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানানো হয়েছে।
একই বার্তায় সকল যাত্রীকে ফ্লাইটের নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে, যাতে নিরাপত্তা ও ইমিগ্রেশন সংক্রান্ত আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। যাত্রীসেবার স্বার্থে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
টিএইচএ/
