মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের ভয়াবহ উত্তেজনার মাঝে এক সপ্তাহ পর আংশিকভাবে আকাশপথ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর নিরাপত্তার স্বার্থে কাতার তাদের আকাশপথ বন্ধ রেখেছিল।
শনিবার (৭ মার্চ) কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে সীমিত পরিসরে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে আপাতত এই সুবিধার আওতায় কেবল উদ্ধারকারী দল এবং জরুরি পণ্যবাহী (কার্গো) বিমানগুলো যাতায়াত করতে পারবে। সাধারণ বাণিজ্যিক ফ্লাইট চলাচলের ওপর এখনো কঠোর বিধিনিষেধ বহাল রয়েছে।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে যে, আগামী দিনগুলোতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে কি না, তা সম্পূর্ণভাবে নির্ভর করবে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ওপর। তারা প্রতিনিয়ত আকাশপথের নিরাপত্তা পর্যালোচনা করছে এবং ঝুঁকি কমলে ধাপে ধাপে আরও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত শুক্রবার দেশটির আকাশসীমায় অনুপ্রবেশ করা মোট ৯টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর মধ্যে একটি ড্রোন একটি জনশূন্য এলাকায় বিধ্বস্ত হলেও এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বিবিসি’র বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল কাতার নয়, বরং পুরো অঞ্চলের বিমান চলাচল ব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। কাতার সরকারের এমন সতর্ক পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে, পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা এখনো ক্ষীণ এবং যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে।
টিএইচএ/