মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের মধ্যে যুক্তরাজ্যকে (ইউকে) সরাসরি যুদ্ধে না জড়াতে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সাইয়্যেদ আলী মুসাভি এক সাক্ষাৎকারে সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রিটিশ সরকার যদি ইরান বিরোধী মার্কিন-ইসরায়েলি হামলায় সরাসরি যোগ দেয়, তবে তেহরানের ‘আত্মরক্ষার অধিকার’ থাকবে এবং ব্রিটিশ ঘাঁটিগুলো ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে।
রোববার (৮ মার্চ) বিবিসিতে সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে মুসাভি বলেন, ব্রিটেন যদি এই ‘আগ্রাসনে’ সরাসরি অংশ নেয় তবে ইরান নিজেকে রক্ষা করতে বাধ্য হবে। তিনি ইঙ্গিত দেন যে, ২০০৩ সালে ইরাক আক্রমণের শোচনীয় অভিজ্ঞতা থেকে ব্রিটিশ সরকার শিক্ষা নিয়েছে বলে ইরান বিশ্বাস করে। উল্লেখ্য, ব্রিটেন বর্তমানে মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেও সরাসরি কোনো আক্রমণে অংশ নেয়নি। রাষ্ট্রদূত এই অবস্থানকে ‘ভালো’ বলে অভিহিত করলেও যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে ব্রিটেনকে অত্যন্ত সতর্ক ও স্পর্শকাতর থাকার পরামর্শ দিয়েছেন।
এদিকে, মধ্যপ্রাচ্যে সংঘাত এখন দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে। ইরানের পাল্টা হামলায় কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর এই হুঁশিয়ারি এল। ইরানি রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান শনিবার প্রতিবেশি দেশগুলোর কাছে অনিচ্ছাকৃত হামলার জন্য ক্ষমা প্রার্থনা করলেও মুসাভি স্পষ্ট করেছেন যে, ইরানের বিরুদ্ধে কোনো ভূখণ্ড বা ঘাঁটি ব্যবহার করা হলে তা ছাড় দেওয়া হবে না।
তথ্যসূত্র: বিবিসি
টিএইচএ/
