নরসিংদীর মনোহরদী উপজেলায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের সৌজন্যে ৫০টি অসহায় পরিবারের কাছে উপহার সামগ্রী (হাদিয়া) পৌঁছে দেওয়া হয়েছে। মাদরাসাতুস সুন্নাহ মনোহরদীর চেয়ারম্যানের বিশেষ উদ্যোগে এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই মানবিক কার্যক্রমটি সম্পন্ন হয়। জনসমাগম এড়াতে এবং প্রকৃত হকদারদের সম্মান রক্ষার্থে উপহারগুলো সরাসরি উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
মাদরাসাতুস সুন্নাহর চেয়ারম্যান মুফতি আরিফ মাহমুদ হাবিবীর সার্বিক তত্ত্বাবধানে এবং দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন গ্রামের উপযুক্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়। পরে সেই তালিকা অনুযায়ী স্বেচ্ছাসেবক মোহাম্মদ সাইদুল ইসলাম ও শফিকুল ইসলাম সরাসরি বাড়ি বাড়ি গিয়ে এই উপহার সামগ্রীগুলো হস্তান্তর করেন। প্রতিষ্ঠানের এই সুশৃঙ্খল বিতরণ পদ্ধতি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।
আয়োজক সংশ্লিষ্টরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রকৃত প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সামাজিক সহযোগিতার সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে এবং মানুষের দুর্দশা লাঘবে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উপহার একটি মাইলফলক। তারা আরও আশা প্রকাশ করেন যে, আগামী দিনেও এলাকার দুস্থ মানুষের সেবায় মাদরাসাতুস সুন্নাহর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
টিএইচএ/
