মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বাহরাইনের রাজধানী মানামার কাছে ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ)-এর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের সকলেই দেশটির নাগরিক। আক্রান্তদের মধ্যে ১৭ বছর বয়সি এক কিশোরী রয়েছে যার মাথা ও চোখে গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে মাত্র দুই মাস বয়সি এক শিশুও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আহত ৩২ জনের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এর মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে যাদের জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়েছে। বাহরাইনের বেসামরিক এলাকায় এই অতর্কিত ড্রোন হামলাকে কেন্দ্র করে পুরো অঞ্চলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর ইরানের এই ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র সমালোচনা করেছে সৌদি আরব। রিয়াদ এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান যদি আরব দেশগুলোর বিরুদ্ধে এ ধরনের উসকানিমূলক হামলা অব্যাহত রাখে, তবে তেহরান নিজেই এর জন্য ‘সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত’ পক্ষ হবে।
কয়েক ঘণ্টার ব্যবধানে সৌদি আরবের বিশাল শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে অন্তত চারটি ড্রোন হামলার ঘটনার পর রিয়াদ এই কঠোর সতর্কবার্তা দেয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের দেশসহ অন্যান্য উপসাগরীয়, আরব ও ইসলামী দেশগুলোতে ইরানের এই কর্মকাণ্ডকে ‘জঘন্য’ বলে অভিহিত করেছে।
টিএইচএ/
