আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন চার প্রদেশে পাকিস্তানি বাহিনীর হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার।
মঙ্গলবার (১১ মার্চ) তালেবানের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এক বিবৃতিতে জানান, পাকতিকা, পাক্তিয়া, খোস্ত এবং নুরিস্তান প্রদেশে পাকিস্তানের ধারাবাহিক হামলায় নতুন করে তিন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পাক্তিয়া প্রদেশের পাতান জেলায় একটি আবাসিক বাড়িতে পাকিস্তানের ছোঁড়া মর্টার শেল আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া পাকতিকা প্রদেশের শোকিন জেলায় ঘরবাড়ি ও সরকারি স্থাপনা লক্ষ্য করে পাকিস্তানি বাহিনী মর্টার ও কামানের গোলাবর্ষণ করেছে বলে জানানো হয়েছে, তবে সেখানে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
তালেবান মুখপাত্রের দেওয়া তথ্যমতে, খোস্ত প্রদেশের জাজি ময়দান জেলায় পাকিস্তান কয়েক ডজন মর্টার ও আর্টিলারি রাউন্ড নিক্ষেপ করেছে। এতে একজন আহত হওয়ার পাশাপাশি অনেক পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অন্যদিকে নুরিস্তান প্রদেশের কামদেশ জেলায় গত দিন থেকে টানা শেলিং চলছে, যার ফলে স্থানীয় বাসিন্দারা এলাকা ছাড়ছেন।
যদিও সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছিলেন যে, আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের অভিযানগুলো শুধুমাত্র সশস্ত্র যোদ্ধাদের আস্তানা লক্ষ্য করে চালানো হচ্ছে এবং কোনো বেসামরিক এলাকায় হামলা করা হচ্ছে না। তবে পাকিস্তানের এই দাবি নাকচ করে দিয়ে জাতিসংঘ (ইউএন) ইতিমধ্যে নিশ্চিত করেছে যে, গত কয়েকদিনের পাকিস্তানি হামলায় অন্তত ৫৬ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
তথ্যসূত্র: আফগানিস্তান ইন্টারন্যাশনাল
টিএইচএ/
