লেবানন সীমান্তে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় উত্তর কমান্ড সেক্টরে অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
মঙ্গলবার (১১ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সেনাপ্রধানের পরিস্থিতি পর্যালোচনার পর উত্তর সীমান্তে শক্তি বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ কমান্ড থেকে দুর্ধর্ষ ‘গোলানি ব্রিগেড’-এর একটি কমব্যাট টিমকে সরিয়ে লেবানন সীমান্তবর্তী উত্তর কমান্ডে পুনরায় মোতায়েন করা হচ্ছে। আঞ্চলিক অস্থিরতা এবং হিজবুল্লাহর সঙ্গে ক্রমবর্ধমান উত্তজনা মোকাবিলায় সামরিক প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এই বিশেষ দলটি এতদিন দক্ষিণ কমান্ডের অধীনে গাজা সংলগ্ন এলাকায় দায়িত্বরত ছিল। নতুন এই আদেশের ফলে তারা এখন সরাসরি লেবানন সীমান্তের ফ্রন্টলাইনে অবস্থান নেবে। মূলত উত্তর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং যেকোনো ধরনের সম্ভাব্য হামলা বা অনুপ্রবেশ ঠেকাতেই এই অতিরিক্ত সেনা ও সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
তবে ঠিক কী ধরনের আসন্ন হুমকির প্রেক্ষাপটে এই রিইনফোর্সমেন্ট বা অতিরিক্ত শক্তি মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। সীমান্ত এলাকায় ক্রমাগত পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য যখন উত্তপ্ত, ঠিক সেই সময়ে ইসরায়েলের এই সামরিক নড়াচড়া বড় ধরনের যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা
টিএইচএ/
