রায়পুরায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান, ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তার আবেদন

by Abid

বশির আহমেদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি):  নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়া ক্ষুদ্র ব্যবসায়ীরা বর্তমানে চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে এবং তার নির্দেশেই ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

আবেদন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মার্চ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মির্জারচর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা ছড়িয়ে পড়লে বাজারের অন্তত তিনটি মুদি দোকান, একটি ডেন্টাল ফার্মেসি ও একটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মির্জারচর উত্তরপাড়া এলাকার মোহাম্মদ কবির হোসেন জানান, তার মালিকানাধীন ‘নিউ ডেন্টাল ক্লিনিক এন্ড ফার্মেসি’ দোকানটি আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এতে দোকানে থাকা দামী ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন
banner

অন্যতম ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী মির্জারচর ততুয়াপাড়া এলাকার শাহ আলম জানান, তার মালিকানাধীন ‘এস আলম স্টোর’ নামের মুদি দোকানটি পুড়ে তার সব শেষ হয়ে গেছে। আগুনে দোকানের ফ্রিজ, চাল, আটা, ডাল, তেলসহ প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় মালামাল ও নথিপত্র ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়ে জানান, এই দোকানগুলোর আয়েই চলত তাদের সংসার। হঠাৎ এই অগ্নিকাণ্ড তাদের পরিবারগুলোকে পথে বসিয়ে দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে পরিবার-পরিজন নিয়ে টিকে থাকাই তাদের জন্য দুষ্কর হয়ে পড়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ান এবং বিষয়টি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে অবহিত করেন। এমপির নির্দেশে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনের কাছে মানবিক দিক বিবেচনায় জরুরি আর্থিক সহায়তার আবেদন করেছেন। স্থানীয়দের মতে, সরকারি সহায়তা দ্রুত না পেলে এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে পুনরায় ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। তারা অতি দ্রুত জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222