ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইতালি

by Abid

মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর ইরানের হামলা অব্যাহত থাকার জেরে ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইতালি। ইরাকি কুর্দিস্তানের এরবিলে অবস্থিত ‘ক্যাম্প সিঙ্গারা’ বিমানঘাঁটিতে রাতভর ভয়াবহ ড্রোন হামলার পর দেশটি এই সিদ্ধান্ত নেয়। ন্যাটোর প্রায় ৩০০ সেনা সদস্যের অবস্থানস্থল এই ঘাঁটিতে হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে ইতোমধ্যেই ১০০ জনের বেশি সেনাকে রোমে ফিরিয়ে নেওয়া হয়েছে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মূলত ইরান এই অঞ্চলে আক্রমণ তীব্র করায় সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।

ইরাকি কুর্দিস্তানের ক্যাম্প সিঙ্গারায় পরিচালিত এই ড্রোন হামলায় একটি রেস্তোরাঁ ও দুটি সামরিক যানবাহন ধ্বংস হয়েছে। যদিও এই ঘটনায় কোনো সেনা সদস্য হতাহত হয়নি, তবে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো দাবি করেছেন, এই আক্রমণটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত ও ইচ্ছাকৃত।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, ওই ঘাঁটিতে ইতালীয় সেনারা কুর্দি পেশমার্গা বাহিনীকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছিল এবং এটি মার্কিন নেতৃত্বাধীন আইসিস-বিরোধী জোটের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হামলার পর সেনাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা ইতালির নেই। ডোনাল্ড ট্রাম্পের মিত্র হওয়া সত্ত্বেও মেলোনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক আইনের বাইরে’ কাজ করার অভিযোগ তুলেছেন। বর্তমানে ওই ঘাঁটি থেকে ১৪১ জন ইতালীয় সেনার মধ্যে ১০২ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং বাকিদের জর্ডানে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্সি এক বিবৃতিতে ইরাকি সরকারকে কূটনৈতিক ও জোট বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার এবং অবৈধ গোষ্ঠীগুলোকে কঠোর হস্তে দমনের আহ্বান জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইতালি ও ফ্রান্স ইরানের সঙ্গে একটি গোপন আলোচনার চেষ্টা করছে বলে জানা গেছে, যাতে তাদের বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে পারে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222