যানজট নিরসনে ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

by Fatih Work

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। একইসঙ্গে জননিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা রোধে কোনো ধরনের লক্কড়ঝক্কর বাস সড়কে নামতে দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ডিএমপি কমিশনার জানান, ঈদ যাত্রা নিরাপদ ও আরামদায়ক করতে প্রতিটি টার্মিনালে যাত্রীদের জন্য বিশেষ হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ বাস যাতে সড়কে শৃঙ্খলা বিঘ্নিত না করতে পারে, সে লক্ষ্যে ট্রাফিক পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। টার্মিনালগুলোতে যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি কাউন্টার টেরোরিজম ইউনিট, র‍্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ কমাতে পোশাক কারখানা বা গার্মেন্টস শ্রমিকদের ছুটির বিষয়েও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, সব কারখানার শ্রমিকদের একবারে ছুটি না দিয়ে ধাপে ধাপে বা এলাকাভিত্তিক ছুটি দেওয়ার জন্য সংশ্লিষ্ট মালিকপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এতে করে ঘরমুখো মানুষের ভিড় এক জায়গায় কেন্দ্রীভূত হবে না এবং যানজট সহনীয় পর্যায়ে থাকবে। ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধে এবং টিকিট কালোবাজারি রুখতে মোবাইল কোর্ট ও পুলিশি তদারকি নিয়মিত চলবে বলেও সভায় জানানো হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222