‘মিড ডে মিল’ পর্যায়ক্রমে সব স্কুলে চালু হবে: ববি হাজ্জাজ

by Abid

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই ঘোষণা দেন। প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতের উন্নয়নে ব্যাপক সংস্কার হাতে নেওয়া হয়েছে। এর প্রাথমিক ধাপ হিসেবে প্রথমে উপজেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল চালু করা হবে এবং পরবর্তীতে তা দেশের সকল স্কুলে বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও ঝরে পড়া রোধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
banner

শিক্ষা কারিকুলামের আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ববি হাজ্জাজ বলেন, সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে একটি ‘সিঙ্গেল কারিকুলামের’ দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও ইবতেদায়ি, সব স্তরের শিক্ষার্থীরা যেন ১২ বছর শিক্ষা গ্রহণের পর সমান দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারে, সে লক্ষ্যেই কাজ চলছে। এছাড়া আগামী জুনের পর থেকে শিক্ষা কারিকুলামে সংস্কৃতি ও খেলাধুলাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার কাজ শুরু হবে, যা আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পূর্ণাঙ্গ রূপ পাবে। শিক্ষাকে আনন্দদায়ক করতে এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এই উদ্যোগ সহায়ক হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার কোচিংনির্ভর শিক্ষাকে নিরুৎসাহিত করতে চায়। স্কুল বা মূল শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে অতিরিক্ত অর্থ ব্যয় করে কোচিং করার সংস্কৃতি আগামী তিন বছরের মধ্যে কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভাষাগত দক্ষতা, গণিতের জ্ঞান এবং নৈতিক শিক্ষার উন্নয়নের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে প্রতিটি শিক্ষক ও শিক্ষার্থীর হাতে উন্নত প্রযুক্তি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষায় ৯৬ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মন্ত্রণালয়।

আলোচনা সভায় প্রতিমন্ত্রী শ্রেণি কক্ষে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতির যৌক্তিকতা নিয়ে নীতিগত পর্যালোচনার কথা উল্লেখ করেন। এছাড়া পথশিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে ‘শিশু কল্যাণ ট্রাস্টের’ কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন তিনি। স্কুল ম্যানেজিং কমিটির কাঠামো সংস্কার এবং রমজানের ছুটির বিষয়ে চলমান বিতর্কের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে শিক্ষা ক্যালেন্ডারে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। সামগ্রিকভাবে একটি বৈষম্যহীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে তিনি মন্তব্য করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222