জাপান গেলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস

by hsnalmahmud@gmail.com

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপান সফরে ঢাকা ছেড়েছেন। রোববার (২২ মার্চ) রাত ১২টা ১২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি টোকিওর উদ্দেশে যাত্রা করেন। তার সফরসঙ্গীদের মধ্যে সাবেক এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও রয়েছেন।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, টোকিওতে ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নেবেন ড. ইউনূস। এ সংলাপটি এশিয়া অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা জোরদার, টেকসই উন্নয়ন এবং বিভিন্ন আঞ্চলিক সমস্যার সমাধান নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত।

বিজ্ঞাপন
banner

একই সূত্রের তথ্য অনুযায়ী, সফর শেষে আগামী ২৮ মার্চ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনকালে ড. ইউনূস যুক্তরাষ্ট্র, লন্ডন, ইতালি ও জাপানসহ বিভিন্ন দেশ সফর করেন।

তবে এসব সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রত্যাশিত সাফল্য না আসায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়। এর আগে ২০২৫ সালের মে মাসে জাপান সফরের সময় তিনি নিক্কেই ফোরামে অংশগ্রহণ করেন এবং জাপানের প্রধানমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

পাশাপাশি ২০২৬ সালের জানুয়ারিতে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাতের সময় মার্চে জাপান সফরের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেছিলেন। সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে সমুদ্র গবেষণা এবং নীল অর্থনীতি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল।

বিমানবন্দর সূত্র জানায়, তার এই যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222