দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাস থেকে ২ নারীর লাশ উদ্ধার

by Abid

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্ম নদীতে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসটি শনাক্ত করে মরদেহ দুটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফরিদপুরের সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানিয়েছেন, উদ্ধারকৃত মরদেহ দুটি বর্তমানে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া স্থানীয়দের সহায়তায় এখন পর্যন্ত ১১ জনকে জীবিত কিন্তু গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনার পরপরই মাত্র ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

বাসে থাকা আব্দুল আজিজুল নামের এক যাত্রী জানান, তিনি সপরিবারে রাজবাড়ীর কালুখালী থেকে উঠেছিলেন। তিনি নিজে সাঁতরে বাঁচতে পারলেও তার স্ত্রী ও শিশু সন্তান এখনো নিখোঁজ রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার দীর্ঘ সময় পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছানোয় উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। বর্তমানে বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় পানির নিচে শনাক্ত হওয়া বাসটি ওপরে তোলার চেষ্টা চলছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222