বাউফলে কুচকাওয়াজে সামনে বসা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১

by Abid

পটুয়াখালীর বাউফলে মহান স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে সামনে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে বাউফল সরকারি পাবলিক মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী চলাকালে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে ওহিদুজ্জামান নামে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যদের সামনেই দুই পক্ষের নেতাকর্মীরা তর্কে জড়িয়ে পড়লে মুহূর্তেই অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে আসন গ্রহণ নিয়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, অনুষ্ঠানস্থলে উপস্থিত জামায়াত নেতাদের ওপর বিএনপি ও ছাত্রদলের কিছু কর্মী চড়াও হলে সংঘর্ষ বেধে যায়। ঘটনার সময় মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ এবং বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অনুষ্ঠানে বিএনপির সাবেক সংসদ সদস্য মো. সহিদুল আলম তালুকদার এবং জামায়াতের উপজেলা আমির মাওলানা মো. ইসাহাক মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু জানান, আসন বিন্যাস নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য ভুল-বোঝাবুঝি হয়েছিল, যা উপস্থিত নেতাদের সহযোগিতায় দ্রুত মীমাংসা করা হয়েছে। এতে কুচকাওয়াজ বা ডিসপ্লে অনুষ্ঠানে কোনো ব্যাঘাত ঘটেনি এবং নির্ধারিত সূচি অনুযায়ী সব কর্মসূচি সম্পন্ন হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং অডিটোরিয়ামে আলোচনা সভা চলছে বলে তিনি নিশ্চিত করেন।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, দুই দলের নেতাকর্মীদের মধ্যে বসা নিয়ে উত্তেজনা সৃষ্টি হলেও প্রশাসনের হস্তক্ষেপে তা বড় আকার ধারণ করেনি। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় বিএনপি নেতাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, ঘটনার বিস্তারিত জানাতে এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে আজ বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222