‘পদ্মায় বাস ডুবিসহ সব দুর্ঘটনা ৫৬ বছরের ব্যর্থতার সমন্বিত পরিণতি’

by Abid

দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাসডুবিসহ দেশের বিভিন্ন স্থানে চলমান সড়ক ও নৌ-দুর্ঘটনাকে গত ৫৬ বছরের যোগাযোগ ব্যবস্থার ব্যর্থতার ‘সমন্বিত পরিণতি’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি আক্ষেপ করে বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও দেশের যোগাযোগ অবকাঠামো এখনো প্রাগৈতিহাসিক কালের মতো ভঙ্গুর ও মৃত্যুফাঁদে পরিণত হয়ে আছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

বৈঠকের শুরুতে গতকাল দৌলতদিয়া ঘাটের মর্মান্তিক দুর্ঘটনাসহ এবারের ঈদে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পীর সাহেব চরমোনাই বলেন, আজ জাতি ৫৬তম স্বাধীনতা দিবস পালন করছে, অথচ আধুনিক বিশ্বে এত বেশি দুর্ঘটনা আর কোথাও ঘটে না। বিগত ৫৫ বছরে যাঁরা দেশ পরিচালনা করেছেন, তাঁদের প্রত্যেককে এই লাশের মিছিলের দায় নিতে হবে। তিনি অভিযোগ করেন, অতীতে যোগাযোগ খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির কারণে এই খাতটি এখন সাধারণ মানুষের জন্য অনিরাপদ হয়ে পড়েছে।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে রেজাউল করীম বলেন, গণযোগাযোগ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিন এবং সব ধরনের সিন্ডিকেটবাজিকে কঠোর হস্তে দমন করুন। গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্সসহ পরিবহণ খাতের প্রতিটি স্তরে আন্তর্জাতিক মান নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, এই ধারাবাহিক প্রাণহানিগুলো আসলে সাধারণ দুর্ঘটনা নয়, বরং এগুলো ‘পদ্ধতিগত গণহত্যার’ শামিল। অব্যবস্থাপনা ও তদারকির অভাবেই সাধারণ মানুষ এভাবে অকালে প্রাণ হারাচ্ছে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ গিয়াসউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আলহাজ আমিনুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, জিএম রুহুল আমীন ও মুফতি মানসুর আহমেদ সাকি প্রমুখ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222