ইরান-যুক্তরাষ্ট্র উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে সম্বোধন করেছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের মিয়ামিতে সৌদি-সমর্থিত একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই বিতর্কিত মন্তব্য করেন। ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্তর্জাতিক তেল পরিবহনের স্বার্থে হরমুজ প্রণালি খুলে দিতে হবে।
বক্তৃতার সময় ট্রাম্প বলেন, “তাদের ‘স্ট্রেইট অব ট্রাম্প’- মানে হরমুজ- খুলে দিতে হবে। দুঃখিত, এটা বড় ভুল হয়ে গেছে।”
বক্তব্য চলাকালীন ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে বর্তমানে আলোচনা চলছে। যদিও তেহরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো আলোচনার কথা স্বীকার করেনি। ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক করাই হবে সম্ভাব্য কোনো সমঝোতার মূল শর্ত।
উল্লেখ্য, হরমুজ প্রণালিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে বিবেচনা করা হয়, যার মধ্য দিয়ে বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। তবে চলমান সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই উত্তপ্ত আবহে ট্রাম্পের এমন ‘অসাবধানতাবশত’ মন্তব্য নতুন করে কূটনৈতিক জটিলতা তৈরি করতে পারে।
টিএইচএ/
