কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ

by Abid

সারাদেশে কৃষকদের মাঝে ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের সকল জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানান, বোরো মৌসুমসহ কৃষি কাজে জ্বালানির চাহিদা বিবেচনায় নিয়ে মাঠ প্রশাসনকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং কোনো ধরনের সংকট হওয়ার সম্ভাবনা নেই বলেও তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন
banner

যুগ্ম সচিব জানান, আজ দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের সঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমানে সরকারের কাছে ২ লাখ ৭১ হাজার ৩৭৪ টন ডিজেল মজুত রয়েছে। ফলে সারাদেশে কৃষকদের চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ করতে সরকারের কোনো ধরনের অসুবিধা নেই। জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন স্থানীয় পর্যায়ে কৃষকরা চাহিবা মাত্র ডিজেল পান, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো এলাকায় কৃষকদের ডিজেল প্রাপ্তিতে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মনির হোসেন চৌধুরী আরও উল্লেখ করেন যে, দেশে ডিজেল ছাড়াও অকটেন ও পেট্রোলের কোনো ঘাটতি নেই। বিগত দিনগুলোর মতো বর্তমানেও সারাদেশে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র অন্যায়ভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এই ধরনের অবৈধ মজুতের বিরুদ্ধে সরকারের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে বৈশ্বিক পরিস্থিতির কারণে দাম বাড়তে পারে—এমন গুজবে কান দিয়ে সাধারণ গ্রাহকদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল কিনে পাম্পে ভিড় না করারও পরামর্শ দেন তিনি।

সরকার জনদুর্ভোগের কথা বিবেচনা করে জ্বালানি তেলের দাম বাড়ায়নি উল্লেখ করে ব্রিফিংয়ে জানানো হয়, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে দেশের সকল তেল ডিপো কর্তৃপক্ষ ও পেট্রোল পাম্প মালিকদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বাজারে কোনো ধরনের অস্থিরতা বা কারসাজি রোধে সরকার কঠোর নজরদারি বজায় রাখছে। মাঠ পর্যায়ে জেলা প্রশাসকরা এই তদারকি কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222