এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাসুদুর রহমান মাসুদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার মাসুদুর রহমান মাসুদ মাদারগঞ্জ উপজেলার ২নং কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য ছিলেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, বুধবার বিকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকায় তার ভায়রা ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ, গত শনিবার (২৮ মার্চ) বিকালে শিশুটিকে বাড়িতে একা রেখে শিশুটির মা তার দেবরকে রাস্তায় এগিয়ে দিতে যান। পরে সেখান থেকে শিশুটির মা তার জেঠা শ্বশুরের বাড়িতে যান। এই সুযোগে শিশুটির প্রতিবেশী দাদা মাসুদুর রহমান মাসুদ মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করেন। এই কথা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন শিশুটিকে। পরে শিশুটি কান্না করে তার মাকে সব খুলে বলে।
এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদ পলাতক ছিলেন।
এনআর/
