সরকারি নির্দেশনা অমান্য করে জামালপুরে চলছে আলোকসজ্জা ও সাংস্কৃতিক আয়োজন

by Fatih Work

(জামালপুর প্রতিনিধি)

সারাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে জামালপুর পৌর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় চলছে “বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬”। সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার নির্দেশনা থাকলেও মেলাটি প্রতিদিন রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত চালু রাখা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জামালপুর জেলা কার্যালয়ের আয়োজনে গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন জেলার শিল্প উদ্যোক্তারা অংশ নিয়েছেন। মেলায় প্রায় ৯০টি স্টল বসানো হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, মেলার ভেতরে নৌকা রাইড, চরকি সহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন চালু রয়েছে। পাশাপাশি গানের কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলায় দর্শনার্থীদের ভিড়ও বেড়েছে কয়েকগুণ। আলোকসজ্জা ও উচ্চ শব্দের সাউন্ড সিস্টেমে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।

জেলা নাগরিক কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, “বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে আলোকসজ্জা বন্ধ এবং ব্যবসা প্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন এনেছে। এসব নির্দেশনা সবার মেনে চলা উচিত।”

এ বিষয়ে বিসিক জামালপুরের সহকারী পরিচালক সম্রাট আকবর বলেন, “জেলা প্রশাসনের অনুমতি নিয়েই মেলা আয়োজন করা হয়েছে। সন্ধ্যার পর মেলা চলবে কি না, সে বিষয়ে জেলা প্রশাসনই সিদ্ধান্ত দেবে।”

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস জানান, এ বিষয়ে নতুন কোনো প্রজ্ঞাপন তার জানা নেই। তবে আলোকসজ্জা ও দোকানপাট খোলা রাখার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সঙ্গে এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222