দেশের ছয় জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া ওই সতর্কবার্তায় বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের তীব্রতা বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, আবহাওয়া অফিসের নিয়মিত বিজ্ঞপ্তিতে পরবর্তী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লঘুচাপের প্রভাবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্ট বিভাগ। মৌসুমের স্বাভাবিক পরিবর্তন ও লঘুচাপের সক্রিয়তার কারণে দেশের দক্ষিণাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে এই বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
টিএইচএ/
