নিজস্ব প্রতিবেদন: দেশের ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আভাস রয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
বৃষ্টিপাতের এই পূর্বাভাসের পাশাপাশি দেশের কিছু অঞ্চলে গরমের তীব্রতা বজায় থাকার খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
গতকালের আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার কয়রায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে ৮০ মিলিমিটার।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৪ মিনিটে।
