রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক অবস্থানে ঐক্যবদ্ধ রয়েছেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে উপজেলা এনসিপি আয়োজিত এক বিশাল পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। যে দলের প্রধানেরা দেশের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে রেখে বিদেশ পালিয়ে যায়, তাদের এই দেশে রাজনীতি করার ন্যূনতম কোনো নৈতিক অধিকার নেই।
চৌদ্দগ্রামের পদযাত্রায় অংশ নিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর রাজনৈতিক প্রভাবের তীব্র সমালোচনা করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশকে ব্যবহার করে বিরোধী মতকে নির্মমভাবে দমন করা হয়েছিল।
শেখ হাসিনার আমলে সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের স্বাধীন মতামত লেখার কারণেও নির্বিচারে গ্রেপ্তার হয়েছে। তবে বর্তমান সময়েও কিছু ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতি উঁকি দিচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি স্পষ্ট ভাষায় জানান, দেশের মানুষ আর এমন বৈষম্যমূলক বাংলাদেশ দেখতে চায় না।
দেশের চলমান অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের চিত্র তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, সাধারণ মানুষের সন্তানরা নানা সংকটের মধ্যেও নিজ দেশে পড়াশোনা করছে, অথচ দেশের ক্ষমতাবান ও প্রভাবশালী ব্যক্তিদের সন্তানরা বিদেশে পড়াশোনা ও উন্নত চিকিৎসা নিচ্ছে।
তিনি প্রবীণ রাজনীতিবিদদের ইঙ্গিত করে বলেন, ‘বেগমপাড়ায় আমাদের কোনো বাড়ি কিংবা গাড়ি নেই। অথচ দেশের অনেক মুরব্বির বাড়ি ও গাড়ি রয়েছে বিদেশে।’ তরুণদের দেশের মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি আগামী বাজেটে যুবসমাজের কর্মসংস্থান ও আধুনিক শিক্ষাব্যবস্থার জন্য বিশেষ বরাদ্দ রাখার এবং এসএমই খাতকে আরও শক্তিশালী করার জোরালো দাবি জানান।
চৌদ্দগ্রাম অঞ্চলটি সীমান্তবর্তী হওয়ায় সেখানকার মাদক সমস্যাকে দেশের জন্য বড় হুমকি হিসেবে বর্ণনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি মাদক ব্যবসায়ীদের দেশ ও জাতির শত্রু আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার আহ্বান জানান।
একই সাথে স্থানীয় থানার কিছু অসাধু সদস্যের সঙ্গে মাদক কারবারিদের গোপন সখ্যতা রয়েছে বলে অভিযোগ তুলে তা বন্ধে পুলিশ প্রশাসনকে আরও আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক করার তাগিদ দেন তিনি।
জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদারের সঞ্চালনায় এই পদযাত্রায় দলীয় ও স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন স্থানীয় জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির মুখ্য সমন্বয়ক নাভীদ নওরোজ শাহ, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ, দলীয় নেতা মাসুমুল কাউছার, জাহিদুল তালুকদার ও মো. হানিফ পাটোয়ারীসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
হাআমা/
