কান্দাহারে হজ্জ প্রশিক্ষণ সেমিনারে আমিরুল মুমিনিন যে দিকনির্দেশনা দিলেন

by Abid

ইসলামি আমিরাত আফগানিস্তানের সুপ্রিম লিডার আমিরুল মুমিনিন শেখ হিবাতুল্লাহ আখুন্দজাদা দক্ষিণ জোনের হজ্জ প্রশিক্ষক ও প্রতিনিধিদের জন্য আয়োজিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ সেমিনারে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। কান্দাহারে অনুষ্ঠিত এই সেমিনারে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক উপ-প্রধান, কান্দাহারের হজ্জ ও ধর্মীয় বিষয়ক উপ-মন্ত্রী এবং দক্ষিণ জোনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

সেমিনারের উদ্বোধনী ভাষণে আমিরুল মুমিনিন বলেন, হজ্জের খেদমতে নিয়োজিত ব্যক্তিরা দ্বিগুণ সওয়াবের অধিকারী হন। একটি নিজেদের হজ্জ পালনের জন্য এবং অন্যটি হাজিদের সেবা করার জন্য। তিনি হজ্জকে আল্লাহর এক মহান রহমত ও উচ্চ আধ্যাত্মিক মর্যাদা হিসেবে বর্ণনা করে বলেন, হজ্জের আনুষ্ঠানিকতা শেষে বিনয় ও নম্রতা অর্জনই হলো হজ্জ কবুল হওয়ার অন্যতম লক্ষণ। তিনি অংশগ্রহণকারীদের নিষ্ঠার সাথে নেক আমল করার এবং সব ধরনের অবহেলা পরিহার করে নিয়ত শুদ্ধ রাখার আহ্বান জানান। হাজিদের সেবা করাকে একটি বড় পরীক্ষা উল্লেখ করে তিনি প্রতিনিধিদের নিজেদের সেবক হিসেবে বিলিয়ে দেওয়ার পরামর্শ দেন।

বিজ্ঞাপন
banner

আমিরুল মুমিনিন ইসলামি শরিয়াহর বিধান সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, এই সেমিনার হাজিদের সেবা করার এক অমূল্য সুযোগ। তিনি হজ্জ প্রশিক্ষক ও প্রতিনিধিদের নির্দেশ দেন যাতে তারা হাজিদের হজ্জের আরকান ও প্রশাসনিক বিষয়ে সর্বোত্তম সহযোগিতা প্রদান করেন। বিশেষ করে অসুস্থ, দুর্বল এবং বয়স্ক হাজিদের প্রতি বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেন তিনি, যাতে তারা সঠিকভাবে হজ্জের প্রতিটি রোকন সম্পন্ন করতে পারেন। এছাড়া হাজিদের হজ্জের ফজিলত সম্পর্কে অবগত করা এবং যেকোনো অপছন্দনীয় বা ক্ষতিকর আচরণ থেকে বিরত রাখার দায়িত্বও তাদের ওপর অর্পণ করেন তিনি।

সমাপনী বক্তব্যে আমিরুল মুমিনিন অহংকার পরিহার করে বিনয় অবলম্বনের ওপর জোর দেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, মুসলমানদের সেবা করা কেবল বিনয়ের চিহ্নই নয়, বরং এটি বরকত ও সাফল্যের উৎস। হাজিরা আপনাদের আমানত; একথা উল্লেখ করে তিনি প্রতিনিধিদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সর্বোত্তম সেবা নিশ্চিত করার তাগিদ দেন।

সেমিনার শেষে উপস্থিত ওলামায়ে কেরাম আমিরুল মুমিনিনের নেতৃত্বের প্রতি তাদের আনুগত্য পুনর্ব্যক্ত করেন এবং ইসলামি ব্যবস্থার প্রতি দৃঢ় সমর্থন জ্ঞাপন করেন। আমিরুল মুমিনিনের বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

তথ্যসূত্র: বাখতার নিউজ

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222