বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা, সমর্থকদের ওপর হামলার অভিযোগ

by hsnalmahmud@gmail.com

ময়মনসিংহের তারাকান্দায় বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদুল্লাহর সমর্থকরা। অভিযোগ উঠেছে, গত নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থীর অনুসারীরা এই হামলা চালিয়েছেন এবং এমপিকে অনুষ্ঠানে যোগ দিতে বাধা সৃষ্টি করেছেন। বৈশাখের প্রথম দিনে এমন অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক সহিংসতায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তারাকান্দা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নববর্ষ উপলক্ষে তারাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তন ও হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় সংগীত পরিবেশনার আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে যোগ দিতে সেখানে যান সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানস্থলে প্রবেশকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংসদ সদস্য মুহাম্মদুল্লাহর সমর্থকদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ।

বিজ্ঞাপন
banner

এ প্রসঙ্গে মুহাম্মদুল্লাহ অভিযোগ করেন, তিনি মোতাহার হোসেন তালুকদারের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময়ের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিপক্ষের ইশারায় তার সমর্থকদের ওপর হামলা হয়েছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, অনুষ্ঠানস্থলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি শান্ত করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য ধাক্কাধাক্কি হয়েছিল। পরে প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক করে অনুষ্ঠান শুরু করা হয়। সংসদ সদস্য অনুষ্ঠান উদ্বোধন শেষে অন্যত্র চলে যান।’

ময়মনসিংহ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন মুহাম্মদুল্লাহ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।

ঘটনা প্রসঙ্গে সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় সমর্থকদের বাধা দেওয়া হয়। প্রতিপক্ষের ইশারায় সমর্থকদের মারধর করা হয়েছে। এ ঘটনায় আমার ভাতিজা মাহাদি হাসানসহ কয়েকজন সমর্থক আহত হয়েছেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিকেল ৪টার দিকে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট। মিছিলটি তারাকান্দা দক্ষিণ বাজার থেকে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে এক সংবাদ সম্মেলনে মুহাম্মদুল্লাহ বলেন, বাংলা নববর্ষের অনুষ্ঠানে জোটের নেতাকর্মীদের নিয়ে হলরুমে যাওয়ার পথে বিএনপির পরাজিত প্রার্থী তার নেতাকর্মীদের নিয়ে আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জোটের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত রমজানেও আয়োজনে বিএনপির নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছিলেন বলেও অভিযোগ করেন এ সংসদ সদস্য।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, ‘সামান্য কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে। পরে আমি গিয়ে পরিস্থিতি শান্ত করি। সামান্য ঘটনা, বড় ধরনের কোনো হাতাহাতি হয়নি।’

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222