আন্তর্জাতিক ডেস্ক :: মুসলমানদের ভোট টানবার জন্য বিজেপির সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে অন্য রাজ্য থেকে আসা মানুষদের গীতা ও কুরআন ছুঁইয়ে ভোট চেয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, যারা বিভিন্ন রাজ্য থেকে আসছেন, তাদের গীতাতে ছুঁইয়ে নিচ্ছে, কুরআন ছুঁইয়ে নিচ্ছে। এরপর বিজেপিকে ভোট দিতে হবে বলছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি তাদের বলব, ওখানে আর যেতে হবে না। এখানে থাকুক, কাজ করুন। এখানে কাজের অনেক সুযোগ-সুবিধা আছে। আপনাকে ছোঁয়ালো বলেই আমি ওটা বিশ্বাস করে নিলেন। মসজিদে গিয়ে যান আল্লাহতালার কাছে দোয়া ভেঙে এসে বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন। যাদের গীতা ছোঁয়াচ্ছে, তাদের বলুন, শিবমন্দিরে যাবেন, নয়তো মায়ের কাছে যাবেন। গিয়ে বলবেন, মা গো ক্ষমা করে দিও। আমায় জোর করে সই করিয়ে (নিয়েছে)।’
এসময় তিনি রাফাল ছাড়া সবকিছু নামিয়েছে বলে কটাক্ষ করেছেন। মমতা বলেন, (ভোট চাইতে) রাফাল যুদ্ধবিমান ছাড়া সবকিছুই নামিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রাত পোহালেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ। ইতোমধ্যেই রাজ্যজুড়ে প্রস্তুতি সম্পন্ন। নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আগামীকাল ২৩ এপ্রিল সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে নির্ধারিত সময় পর্যন্ত।
