রায়পুরায় এমপি বকুলের উপস্থিতিতে মহাসড়কে উচ্ছেদ অভিযান

by Abid

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে রায়পুরা উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগ নরসিংদী-রায়পুরা আমিরগঞ্জ রেলস্টেশন সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যাপক অভিযান পরিচালনা করেছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে অবৈধ দোকানপাট ও স্থাপনা থাকার কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত তীব্র যানজট ও জনভোগান্তি পোহাতে হচ্ছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও সড়কটি চার লেনে সম্প্রসারণের লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি।

বিজ্ঞাপন
banner

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রায়পুরা-আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার ও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় সড়কের দুই পাশ দখল করে স্থায়ী ও অস্থায়ী বহু দোকানপাট গড়ে উঠেছিল। এছাড়া অনিয়ন্ত্রিতভাবে অটোরিকশা ও সিএনজি রাখার ফলে জেলা শহরে যাতায়াতকারী হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হতেন। রায়পুরা-নরসিংদী সড়কটি সংস্কার ও চার লেনে উন্নীত করার কাজ গত তিন বছর ধরে চলমান থাকলেও অবৈধ দখলদারদের কারণে তা বাধাগ্রস্ত হচ্ছিল। কিছু প্রভাবশালী মহল ভূয়া দলিল তৈরি করে সরকারি জায়গা দখল করে আসছিল এবং ইতিপূর্বে উচ্ছেদ করতে গেলে প্রশাসনের ওপর হামলার ঘটনাও ঘটেছিল। সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারী প্রতিষ্ঠান রানা বিল্ডার্স আইনি প্রক্রিয়ার মাধ্যমে জমিটি উদ্ধারে সার্বিক সহায়তা প্রদান করে। অভিযানে একটি এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে পাকা ও আধা-পাকা স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা ই রাব্বি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান। এছাড়াও উপজেলা ও পৌরসভা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। উচ্ছেদ কার্যক্রম চলাকালীন জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা মোতায়েন ছিলেন। কয়েক বছর পর জনগুরুত্বপূর্ণ এই বাজার এলাকায় প্রশাসনের এই কঠোর অবস্থানে স্থানীয় বাসিন্দা এবং সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ সময় এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সংবাদমাধ্যমকে বলেন, নরসিংদী থেকে রায়পুরা পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে চার লেনের আধুনিক সড়ক নির্মাণ করা হচ্ছে। হাসনাবাদে রেলওয়ের জায়গা দখল করে অসংখ্য দোকানপাট ও স্থাপনা নির্মাণ করার ফলে সড়ক ও জনপথ বিভাগ তাদের উন্নয়ন কাজ পরিচালনা করতে পারছিল না। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে জনভোগান্তি সৃষ্টি করে রাজনৈতিক আশ্রয়ে এসব সড়ক দখল করা হয়েছিল। আজ সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের মাধ্যমে রাস্তার কাজ দ্রুত সমাপ্ত করার পথ সুগম করা হচ্ছে। এই জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করায় এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্যকে অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222