আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ভূমিধস ও বন্যায় কেনিয়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় হতাহতের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে বড় একটি জলবিদ্যুৎ বাঁধ ব্যবস্থায় পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।
শনিবার (২ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের মধ্যে সাতজন পূর্বাঞ্চলীয় এলাকায় মারা গেছেন। উপকূলীয় কওয়ালে এবং পূর্বাঞ্চলের কিতুই জেলায় দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রিফট ভ্যালির এলগেয়ো মারাকওয়েট অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে।
কেনিয়ার মার্চ থেকে মে পর্যন্ত সময়টি সাধারণত বর্ষাকাল হলেও এবার অতিরিক্ত বৃষ্টিপাত এবং মাটির অতিরিক্ত স্যাঁতসেঁতে অবস্থার কারণে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভূমিধসের কারণে ইতেন-কাবারনেট সড়ক বন্ধ হয়ে যাওয়ায় পরিবহন ব্যবস্থাও ব্যাহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের কাজ চলছে এবং বিকল্প পথে যান চলাচল চালু করা হয়েছে।
এদিকে কেনিয়া রেড ক্রস জানিয়েছে, রাজধানী নাইরোবির ঘনবসতিপূর্ণ এলাকা মুকুরু কোয়া এনজেঙ্গায় কিছু মানুষ নিখোঁজ এবং বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে।
পৃথকভাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তানা নদী অববাহিকার নিম্নাঞ্চলকে উচ্চ সতর্কতায় রেখেছে। উজানের ভারী বৃষ্টির কারণে সেভেন ফর্কস বাঁধ ব্যবস্থায় পানির প্রবাহ বেড়েছে, যা নিচের এলাকায় বন্যার ঝুঁকি আরও বাড়াচ্ছে।
বিশেষ করে তানা নদীর বদ্বীপ এলাকায় বসবাসকারী এক লক্ষাধিক মানুষ সম্ভাব্য ক্ষতির মুখে পড়তে পারেন বলে সতর্ক করেছে সরকার।
