ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এবার এই রাজ্যে তাঁর দল বিজেপি সরকার গঠন করবে। সোমবার (৪ মে) শুভেন্দু অধিকারী এই কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য ও গণমাধ্যমের খবর অনুযায়ী, রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ভোট গণনার প্রাথমিক প্রবণতায় বিজেপি ১৬৮টি আসনে এগিয়ে রয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮টি আসনের ম্যাজিক ফিগার ছাড়িয়ে গেছে। অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১১৩টি আসনে পিছিয়ে রয়েছে। রাজ্যজুড়ে ভোটের এই চিত্রকে শুভেন্দু অধিকারী ‘জনগণের জয়’ এবং ‘স্পষ্ট জনাদেশ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, ভোটাররা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং অনেক অসাধ্য আসনেও বিজেপি অপ্রত্যাশিতভাবে ভালো ফলাফল করছে।
এবারের নির্বাচনে ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়াই করছেন শুভেন্দু অধিকারী। সেখানেও রাউন্ড ভেদে ভোটের ব্যবধানে নাটকীয়তা লক্ষ্য করা গেছে। গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে শুভেন্দু বলেন, ভোটের এই ধারা বজায় থাকলে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় প্রথমবার ক্ষমতায় আসবে। তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের রায়কে সম্মান জানিয়ে তারা রাজ্যে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে প্রস্তুত। ভোট গণনা এখনো চলমান থাকায় চূড়ান্ত ফলাফলের জন্য বিকেলের শেষভাগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
টিএইচএ/
