গত ১৯ এপ্রিল ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে আটক হওয়া ইরানি মালবাহী জাহাজ ‘তুসকা’র (Touska) ২২ জন নাবিককে পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৪ মে) পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মাঝে একটি ‘আস্থা তৈরির পদক্ষেপ’ হিসেবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহের আন্দ্রাবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, নাবিকরা ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছেন এবং শিগগিরই তাদের ইরানের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, জাহাজটি প্রয়োজনীয় মেরামতের জন্য বর্তমানে পাকিস্তানি জলসীমায় অবস্থান করছে এবং কাজ শেষ হলে তা মালিকপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এই পুরো প্রক্রিয়াটি ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সম্মতিতে ও পাকিস্তানের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইরানি পতাকাবাহী ‘তুসকা’ জাহাজটিকে আটকের আগে বারবার সতর্ক করে। জাহাজটি মার্কিন অবরোধ লঙ্ঘন করে বন্দর আব্বাসের দিকে যাওয়ার চেষ্টা করছিল বলে দাবি ওয়াশিংটনের। প্রায় ৬ ঘণ্টা সতর্কবার্তা উপেক্ষা করার পর মার্কিন বাহিনী জাহাজটির ইঞ্জিন রুমে গুলি চালিয়ে সেটিকে বিকল করে দেয় এবং মেরিন সেনারা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। ওই সময়ে জাহাজে মোট ২৮ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ৬ জনকে আগেই মুক্তি দেওয়া হয়েছিল।
তথ্যসূত্র: আল জাজিরা
টিএইচএ/
