৩৬ নিউজ ডেস্ক: ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) ইতিহাস সৃষ্টি করেছে। গত প্রায় ছয় দশকের দ্রাবিড় রাজনীতির দ্বৈত আধিপত্য ভেঙে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়েছে বিজয়ের দল। এই নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের পরাজয়। কোলাথুর আসনে টিভিকের ভিএস বাবুর কাছে ৮,৭৯৫ ভোটের ব্যবধানে হেরে গেছেন তিনি। তবে স্টালিন-পুত্র উদয়নিধি নিজের আসনটি কোনোমতে ধরে রাখতে সক্ষম হয়েছেন।
এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত মুখ ছিলেন ৩০ বছর বয়সী আর সাবরিনাথন। বিজয়ের ব্যক্তিগত গাড়িচালকের ছেলে সাবরিনাথন বিরুগামবাক্কাম আসনে ডিএমকের বর্তমান বিধায়ককে ২৭ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলেছেন। তৃণমূল পর্যায়ের কর্মীদের ওপর বিজয়ের আস্থার প্রতীক হিসেবে এই জয়কে দেখা হচ্ছে। জয়ের পর সাবরিনাথন বলেন, এই ফলাফল তামিলনাড়ুতে ডিএমকে শাসনের অবসানের সুস্পষ্ট বার্তা দিচ্ছে।
বিজয় নিজে পেরাম্বুর ও তিরুচিরাপল্লী (পূর্ব) উভয় আসনেই বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন থেকে তার দল সামান্য পিছিয়ে রয়েছে, তবে একক বৃহত্তম দল হিসেবে তামিলনাড়ুর মসনদে বসা এখন বিজয়ের জন্য কেবল সময়ের ব্যাপার।
টিএইচএ/
