তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১০৮ আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেও সরকার গঠন নিয়ে সংকটে পড়েছেন অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)। সরকার গঠনের ম্যাজিক ফিগার ১১৮ থেকে ১০টি আসন দূরে থাকায় রাজ্যে তীব্র রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি এবং নতুন করে নির্বাচনের দাবি তুলেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান জোহো’র সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, জোড়াতালি দিয়ে সরকার গঠিত হলেও তা দীর্ঘস্থায়ী হবে না।
এদিকে ১০টি আসনের ঘাটতি মেটাতে বিজয় ইতোমধ্যে কংগ্রেস ও বাম দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। কংগ্রেস সমর্থনের ইঙ্গিত দিলেও অন্যান্য দলগুলো এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি। এর আগে বুধবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান বিজয়। তবে সমর্থনপত্রের সপক্ষে পর্যাপ্ত নথি না থাকায় রাজভবন থেকে এখনো শপথ গ্রহণের কোনো সবুজ সংকেত মেলেনি। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বিজয়কে আরও কয়েক দিন সময় দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টিএইচএ/
