৩৬নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন জানিয়েছেন, বিমানে যান্ত্রিক ত্রুটির তথ্য জানা থাকা সত্ত্বেও উড্ডয়ন করা এবং পরবর্তীতে হতাহতের ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে আছড়ে পড়ে। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে ২৮ জন শিক্ষার্থী ও বিমানের পাইলটসহ মোট ৩৬ জন প্রাণ হারান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছিল। বিধ্বস্ত হওয়ার ঠিক আগে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমান থেকে ইজেক্ট করতে সক্ষম হলেও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
টিএইচএ/
