শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড ভারতের উত্তর প্রদেশ, নিহত ৫৬

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড ভারতের উত্তর প্রদেশ।ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবারের এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্রয়াগরাজ, ভাদোহি, ফতেহপুর, উন্নাও, কানপুর দেহাত, চান্দাউলি, সোনভদ্র ও বদাউঁ জেলায়।

নিহত ব্যক্তিদের পরিবারকে দ্রুত সহায়তা দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বিজ্ঞাপন
banner

জেলা প্রশাসন ও সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, প্রয়াগরাজ অঞ্চলে ১৬ জন, ভাদোহিতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন, উন্নাওয়ে ৪ জন, কানপুর দেহাতে ৩ জন, বদাউঁয়ে ৫ জন, চান্দাউলিতে ২ জন এবং সোনভদ্রে ১ জন মারা গেছেন।

তবে পুরো রাজ্যে হতাহতের সমন্বিত কোনো সরকারি হিসাব এখনো প্রকাশ করা হয়নি। রাজ্য সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই শেষে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারী বৃষ্টি, ঝড় ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে হবে।

মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে সব জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া রাজস্ব বিভাগ, কৃষি বিভাগ ও বীমা কোম্পানিগুলোকে ক্ষয়ক্ষতির জরিপ করে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জরিপ শেষে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: হিন্দুস্থান টাইমস।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222