ক্রীড়া প্রতিবেদক :: ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পদকে ভূষিত হয়েছেন বিশ্বের খ্যাতিমান ক্রিকেটার শহীদ খান আফ্রিদী। পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা তারকা ও সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি অবশেষে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত। তার দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ মে) ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে এক অনাড়ম্বর কিন্তু আবেগঘন অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নিজ হাতে এই সম্মাননা তুলে দেন আফ্রিদির হাতে। অনুষ্ঠানে আফ্রিদির আন্তর্জাতিক ক্যারিয়ার, নেতৃত্বের সাহসিকতা এবং পাকিস্তানকে বিশ্ব ক্রিকেটে তুলে ধরার ভূমিকা বিশেষভাবে স্মরণ করা হয়।
শহীদ আফ্রিদি পাকিস্তানের হয়ে ৩৯৮টি ওয়ানডে ম্যাচে ৮ হাজার ৬৪ রান করেছেন, যেখানে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৩৯টি ফিফটি। বল হাতে নিয়েছেন ৩৯৫ উইকেট। টি-টোয়েন্টি ফরম্যাটেও তিনি ছিলেন দলের অন্যতম ভরসা ৯৯ ম্যাচে ১৪১৬ রানের পাশাপাশি ৯৮ উইকেট শিকার করেছেন।
তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি আসে ২০০৯ সালে ইংল্যান্ডে। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৫৪ রান ও একটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে পাকিস্তানকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখেন আফ্রিদি। সেই জয় এখনও পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে অমর হয়ে আছে।
জাতীয় দলের বাইরেও আফ্রিদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের জাদু ছড়িয়েছেন। পাকিস্তান সুপার লিগ থেকে আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, এলপিএলসহ বিভিন্ন লিগে তাঁর উপস্থিতি সবসময়ই দর্শকদের আকর্ষণ করেছে।
