নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোড এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে মোহাম্মদপুর থানার অন্তর্গত সাত মসজিদ রোডের ২৭ নম্বর সড়কের ওই ভবনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন জানান, সাত মসজিদ রোডের একটি পাঁচ তলা ভবনের ছাদের একটি রুমে আগুন লাগার খবর আসে।
সংবাদ পাওয়ার পরপরই মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আক্রান্ত ভবনটিতে বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের দোকান এবং বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সির বাণিজ্যিক অফিস রয়েছে বলে জানা গেছে।
তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নির্বাপন ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চালিয়ে যাচ্ছেন।
টিএইচএ/
