রাজধানীতে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: রোদে মাথায় হাত ছিল দুপুরে। একপসলা বৃষ্টি এসে ভ্যাপসা গরমের তাণ্ডব রুখে দিলো। রাজধানীতে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আড়াইটার পর রাজধানীর উত্তরা, কুড়িল, বারিধার, গুলশান, তেজগাঁওসহ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়।

বিজ্ঞাপন
banner

এদিন দুপুর থেকে রাজধানী বিভিন্ন এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই আকাশে গুমোট পরিবেশ এবং ঝড় শুরু হয়। এর পর আশীর্বাদ হয়ে বৃষ্টি নামে।

এদিকে পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগেই বৃহস্পতিবার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিস্তার দেশের বিভিন্ন অঞ্চলে বৃদ্ধি পাওয়ায় বৃষ্টিপাতের পরিমাণও বাড়ছে। বর্তমানে মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি দেশের বাকি অংশেও ছড়িয়ে পড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

এদিকে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222