সাইবার হামলার শিকার ইরানের শীর্ষ ৪ ব্যাংক

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাষ্ট্রায়ত্ত চার শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর ফলে দেশজুড়ে ব্যাংকগুলোর সব ধরনের অনলাইন লেনদেন ও অন্যান্য সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সমন্বয় কমিটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এই সাইবার হামলার কারণে শনিবার দেশটির অন্যতম প্রধান ৪টি আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক মেল্লি ইরান, ব্যাংক সাদেনাত ইরান, ব্যাংক তেজারাত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরানের সব ধরনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। হামলার পরপরই ব্যাংকগুলোর মোবাইল ব্যাংকিং, অনলাইন সেবা, এটিএম বুথ, পয়েন্ট অব সেলস (পিওএস) টার্মিনাল এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে অভ্যন্তরীণ লেনদেন পুরোপুরি সাময়িক বন্ধ হয়ে যায়। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের সুপারমার্কেট, রেস্তোরাঁ ও জ্বালানি স্টেশনগুলোতে কার্ডের মাধ্যমে বিল পে করতে গিয়ে সাধারণ মানুষ ব্যাপক জটিলতার সম্মুখীন হন। অনেকে নগদ অর্থ না থাকায় প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনতে না পেরে বাকিতে কেনাকাটা করতে বাধ্য হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

বিজ্ঞাপন
banner

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক কারিগরি তদন্তের পর নিশ্চিত হওয়া গেছে যে ব্যাংকগুলোর একটি সাধারণ যোগাযোগ অবকাঠামো বা শেয়ার্ড কমিউনিকেশনস নেটওয়ার্ক লক্ষ্য করে এই সাইবার হামলা চালানো হয়েছিল। কোনো অস্বাভাবিক তৎপরতা টের পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাংকগুলোর আইটি বিশেষজ্ঞ এবং কারিগরি দল প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক কাতাসি জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় পুনরুদ্ধার এবং সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে। তিনি আরও আশ্বস্ত করে বলেন, এখন পর্যন্ত গ্রাহকদের গোপন তথ্য বা ব্যাংক অ্যাকাউন্টের কোনো ডেটা চুরির প্রমাণ পাওয়া যায়নি এবং কোনো তথ্য মুছে যাওয়ার ঘটনাও ঘটেনি। স্পর্শকাতর এই ঘটনার পর দেশটির পুরো ব্যাংকিং ও আর্থিক খাতের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

তথ্যসূত্র: আরিয়ানা নিউজ

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222