৩৬ নিউজ ডেস্ক:: এই সপ্তাহেই ব্রাজিল জাতীয় ফুটবল দলের অনুশীলনে ফেরার কথা ছিল তারকা ফুটবলার নেইমার জুনিয়রের। তবে চোট কাটিয়ে তার মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। এর মধ্যেই পরিবারে নতুন সদস্য আসার সুখবর দিয়েছেন তিনি ও তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেইমার ও বিয়ানকার্দি জানান, তারা নতুন সন্তানের অপেক্ষায় আছেন। তাদের ঘরে আরও একটি কন্যাসন্তান আসতে যাচ্ছে। এটি হবে নেইমারের পঞ্চম সন্তান।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার জাতীয় দলের অনুশীলনে ফেরার কথা থাকলেও ডান পায়ের পেশিতে পাওয়া চোটের কারণে অনুশীলনে যোগ দিতে পারেননি নেইমার। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে পরীক্ষার ফল তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
গত ১৭ মে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে চোট পান নেইমার। জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপে থাকলেও এখনো মাঠে নামতে পারেননি তিনি।
আগামী ২০ জুন ফিলাডেলফিয়ায় নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে নেইমার বেঞ্চে ছিলেন। দলটির কোচ কার্লো আনচেলত্তি আশা করেছিলেন, দ্বিতীয় ম্যাচের আগে তিনি অনুশীলনে ফিরবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তবে ব্রাজিলের গণমাধ্যমগুলোর দাবি, দলের চিকিৎসকরা আশা করছেন নকআউট পর্বে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন নেইমার।
মরক্কোর বিপক্ষে ম্যাচে মাঠে না নামলেও ডাগআউটে উপস্থিত ছিলেন ব্রাজিলের এই তারকা। ম্যাচ চলাকালে সতীর্থদের সঙ্গে কৌশলগত আলোচনা করতেও দেখা যায় তাঁকে। পরে ব্রুনো গুইমারেসের পাস থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।
ব্যক্তিগত জীবনেও বেশ আলোচনায় রয়েছেন নেইমার। সাবেক সঙ্গী কারোল দান্তোসের গর্ভে জন্ম নেওয়া ছেলে ডাভি লুকার বয়স এখন ১৪ বছর। পরে ব্রুনা বিয়ানকার্দির ঘরে জন্ম নেয় কন্যা মাভি। এরপর ব্রাজিলের মডেল আমান্দা কিম্বার্লির ঘরে জন্ম হয় কন্যা হেলেনার। সর্বশেষ ২০২৫ সালের জুলাইয়ে নেইমার ও বিয়ানকার্দির ঘরে আসে কন্যাসন্তান মেল। এবার তাদের পরিবারে যোগ হতে যাচ্ছে নতুন আরেক সদস্য।
এনআর/
