বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে হিমশিম খেতে হয়েছিল ইরানকে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে, ইরানকে আদৌ যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে কি না তা নিয়েই বড় ধরনের সন্দেহ তৈরি হয়। তবে সব নাটকীয়তা ও অস্বস্তি কাটিয়ে অবশেষে যুক্তরাষ্টে প্রবেশ করে মাঠের লড়াইয়ে নিজেদের দাপট দেখালো ইরান। বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে তারা।
মঙ্গলবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে একাই জোড়া গোল করেছেন এলিজা জাস্ট। অন্যদিকে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইরানের হয়ে গোল দুটি শোধ করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণের দিক থেকে দুই দলই ছিল সমানে সমান। ইরান মোট ১৭টি আক্রমণ চালায়, যার বিপরীতে নিউজিল্যান্ডের আক্রমণ ছিল ১৩টি। তবে অন টার্গেট শটের ক্ষেত্রে নিউজিল্যান্ড ছিল এগিয়ে, ইরানের লক্ষ্যে রাখা ৪টি শটের বিপরীতে কিউইরা ৮টি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
ম্যাচের শুরুতেই দলগত আক্রমণের দারুণ এক প্রদর্শনীর মাধ্যমে প্রথম গোলের দেখা পায় নিউজিল্যান্ড। নিজেদের প্রান্ত থেকে গোলরক্ষকের একটি লং ক্লিয়ারেন্স ইরানের রক্ষণভাগে নিয়ন্ত্রণে নেন কিউই অধিনায়ক ক্রিস উড। তার কাছ থেকে বল পান এলিজা জাস্ট, যিনি দ্রুত বল বাড়িয়ে দেন সারপ্রিত সিংয়ের কাছে। সিং একটি চতুর চিপ শটে আবারও উডের কাছে বল ফেরত পাঠান। বক্সে অবস্থান নেওয়া জাস্ট আরেকবার উডের কাছ থেকে নিখুঁত পাস পেয়ে অত্যন্ত জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। এর ফলে ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই ১-০ ব্যবধানে লিড নেয় নিউজিল্যান্ড।
ভিসা জটিলতার মানসিক অস্বস্তি নিয়ে খেলতে নামা ইরান শুরুতে গোল হজম করে কিছুটা চাপে পড়লেও মাঠের পারফরম্যান্সে তা বুঝতে দেয়নি। ম্যাচে ফিরে আসতে একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। অবশেষে ৩২ মিনিটে কাঙ্ক্ষিত সফলতা ধরা দেয় ইরানের শিবিরে। বক্সের ঠিক বাইরে বল পান সালমান গহদ্দোস, যিনি দারুণ এক থ্রু পাস বাড়ান শাহরিয়ার মগহানলৌয়ের দিকে। মগহানলৌয়ের নেওয়া জোরালো শট নিউজিল্যান্ডের ডিফেন্ডার সারম্যান ব্লক করে দিলেও বলটি ভাগ্যক্রমে চলে যায় ইরানের রামিন রেজাইয়ানের পায়ে। কোনো ভুল না করে নিখুঁত ফিনিশিংয়ে ইরানকে ১-১ সমতায় ফেরান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে নিউজিল্যান্ডের অর্ধে ফ্রি-কিক থেকে নেমাতি বল জালে পাঠালেও সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলায় গোলটি বাতিল হয়ে যায়। ফলে ১-১ সমতাতেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ইরানকে চমকে দিয়ে আবারও লিড নেয় নিউজিল্যান্ড। ম্যাচের ৫৪ মিনিটে ক্রিস উডের পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন এলিজা জাস্ট। ইরানের গোলরক্ষককে পরাস্ত করে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। তবে নিউজিল্যান্ড এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ম্যাচের ৬৪ মিনিটে ডান প্রান্ত থেকে প্রথম গোলের নায়ক রামিন রেজাইয়ানের একটি দুর্দান্ত ক্রস বক্সে ভেসে আসে। সেখানে চমৎকার টাইমিংয়ে লাফিয়ে উঠে বুলেট গতির হেড করেন মোহাম্মদ মোহেবি। বলটি পোস্টের ভেতরের অংশে লেগে জালে জড়িয়ে গেলে ম্যাচে ২-২ সমতা ফেরে। ম্যাচের বাকি সময়ে দুই দলই জয়সূচক গোলের জন্য একাধিক চেষ্টা চালালেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের। আগামী ২২ জুন নিজেদের পরবর্তী ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান।
টিএইচএ/
