৩৬ নিউজ ডেস্ক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় করছেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনে করে মাঠে আসছেন তাঁরা। তাঁর আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে আজ বুধবার বেলা ১টায় তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় ফ্যামিলি কার্ডের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ও রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
সরেজমিন দেখা যায়, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে সকাল থেকেই নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন রঙের ঐতিহ্যবাহী পোশাক পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও সমাবেশস্থলে যোগ দেন। মাঠের একপাশে উপকারভোগীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে।
দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। অনেকে দীর্ঘ সময় আগে থেকেই মাঠে অবস্থান নিয়েছেন প্রিয় নেতাকে একনজর দেখার আশায়।
শাহান আলী মুসা বলেন, ‘আমি সকাল ৯টায় এসেছি। তারেক রহমানকে একনজর দেখার জন্য অপেক্ষা করছি। চায়ের দেশে তিনি এসেছেন, তাই আমাদের মতো হাজারো মানুষ এখানে জড়ো হয়েছেন।’
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গল শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ সড়ক ও সমাবেশস্থলে দায়িত্ব পালন করছেন।
এনআর/
