আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের অর্থনৈতিক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন।
শুক্রবার (৩ জুলাই) তেহরানে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া সরকারের (আইইএ) উপ-প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, আনুষ্ঠানিক আলোচনার শুরুতে মোল্লা আব্দুল গনি বারাদার ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে দেশটির সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দিয়ে আফগান উপ-প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তান ও ইরানের মধ্যে দীর্ঘ ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অভিন্ন স্বার্থ জড়িত। এ সময় ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়ে বারাদার বলেন, আফগান সরকার এই অবৈধ হামলাকে প্রত্যাখ্যান করেছে এবং তেহরানের পাশে থাকার অবস্থান পুনর্ব্যক্ত করছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, উভয় দেশের জনগণের কল্যাণে বিদ্যমান সুযোগ ও সক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করা উচিত।
আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণকে নিজের প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন ইরানের রাষ্ট্রপতি। একই সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে সব ধরনের সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। সূত্র: আরিয়ানা নিউজ
