ইসরায়েলি সেনাবাহিনীতে আহত ৯০ হাজার, অর্থ সংকটে ভেঙে পড়ছে পুনর্বাসন ব্যবস্থা

by Abid vs36

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর শারীরিক ও মানসিকভাবে আহত সদস্যের সংখ্যা ৯০ হাজারে পৌঁছেছে। এর মধ্যে ২৬ হাজার সেনাকে মানসিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে অর্থ সংকটের কারণে আহত এই সেনানিদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শনিবার ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, আহত সেনার সংখ্যা যেভাবে জ্যামিতিক হারে বাড়ছে, তাতে পুনর্বাসন প্রক্রিয়ায় সামান্যতম বিলম্বও গোটা চিকিৎসা ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে পড়ার দিকে ঠেলে দিতে পারে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সশস্ত্র বাহিনীর আহত সদস্যদের চিকিৎসার দায়িত্বে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ এখন প্রায় ধসের মুখে। কারণ, দেশটির অর্থ মন্ত্রণালয় বাজেট ঘাটতির অজুহাতে এই খাতে অতিরিক্ত তহবিল জোগাতে অস্বীকৃতি জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গঠিত একটি বিশেষ কমিটি এই পুনর্বাসন বিভাগের জন্য বছরে ২০০ কোটি শেকেল (ইসরায়েলি মুদ্রা) বরাদ্দের সুপারিশ করেছিল। তবে এই সিদ্ধান্ত অনুমোদনের ঠিক আগমুহূর্তে অর্থ মন্ত্রণালয় সাফ জানিয়ে দেয় যে, তাদের কাছে এই খাতে দেওয়ার মতো কোনো বাজেট নেই।

এই বাজেট সংকট নিয়ে ইসরায়েলের অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে তীব্র কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয় দায়ভার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর চাপিয়ে বলেছে, সামরিক খাতকে তাদের নিজস্ব খরচ ‘যৌক্তিক’ করার মাধ্যমে এই বাজেট অভ্যন্তরীণভাবে সংস্থান করতে হবে। এর জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা অভিযোগ করে বলেছে, অর্থ মন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তহবিল দিতে অস্বীকৃতি জানাচ্ছে এবং উল্টো তাদের ওপর দোষ চাপাচ্ছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান অভিযানের মধ্যে প্রতিদিন নতুন করে সেনা হতাহত হওয়ার ঘটনা এই সংকটকে আরও ঘনীভূত করছে।

ইসরায়েলি সেনাবাহিনীর সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, গাজা ও লেবাননে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তাদের ৯৬৪ জন কর্মকর্তা ও সেনা নিহত হয়েছেন। তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, ইসরায়েল তাদের সামরিক অভিযানের মানবসম্পদ ও বস্তুগত ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য প্রকাশে কঠোর সামরিক সেন্সরশিপ বজায় রাখে। ফলে আনুষ্ঠানিকভাবে ঘোষিত এই সংখ্যার চেয়ে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলেই ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222