দীর্ঘ ১৭ বছরের নিরবচ্ছিন্ন প্রার্থনা, আশা আর ধৈর্যের চরম পরীক্ষা শেষে অবশেষে পবিত্র হজ পালনের মহতী সুযোগ পেয়েছেন তুরস্কের এক বয়োজ্যেষ্ঠ দম্পতি। দেশটির জাতীয় হজ লটারিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে পবিত্র মক্কা-মদিনায় সফরের সৌভাগ্য অর্জন করেছেন মুহাম্মদ বাল ও তার সহধর্মিণী।
তুরস্কে হজ গমনেচ্ছুকদের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ লটারির মাধ্যমে পরিচালিত হয়। দীর্ঘ ১৭ বছর ধরে প্রতি বছর লটারির ফলাফলের দিকে অধীর আগ্রহে চেয়ে থাকলেও নাম না আসায় হতাশ হতে হয়েছিল এই দম্পতিকে। অবশেষে এবারের লটারিতে নিজেদের নাম দেখতে পেয়ে আনন্দে ও কৃতজ্ঞতায় অশ্রুসিক্ত হয়ে পড়েন মুহাম্মদ বাল। খবরটি জানার পর অশ্রুসজল চোখে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তিনি বলেন, দীর্ঘদিনের প্রার্থনা ও ধৈর্যের পর পবিত্র কাবা শরীফ এবং প্রিয় নবীর রওজা শরিফ জিয়ারতের সুযোগ পাওয়া মহান রাব্বুল আলামিনের এক বিশেষ অনুগ্রহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুহাম্মদ বালের আবেগঘন প্রতিক্রিয়ার একটি ভিডিও ইতোমধ্যে ব্যাপক ছড়িয়ে পড়েছে। ১৭ বছরের দীর্ঘ অপেক্ষার পর এই সুযোগ প্রাপ্তির ঘটনাটি সাধারণ মানুষের কাছে ধৈর্য, অদম্য আশা এবং আল্লাহর ওপর গভীর বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।
শুধু মুহাম্মদ বাল দম্পতিই নন, দেশটির আরেক প্রবীণ দম্পতি একরেম কান ও তার স্ত্রীও দীর্ঘ ১৬ বছরের দীর্ঘ প্রতিক্ষার পর এবার হজে যাওয়ার জন্য মনোনীত হয়েছেন। লটারির ফল প্রকাশের পর কান্নাভেজা কণ্ঠে একরেম কান জানান, বিগত বছরগুলোতে বারবার ব্যর্থ হয়ে হতাশ হলেও এবারের অনুভূতি ও আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।
উল্লেখ্য, তুরস্কে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ হজে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সৌদি কোটা অনুযায়ী মাত্র ৮৪ হাজার ৯৪২ জন এই সুযোগ পান। চলতি বছরের লটারিতে অংশ নিতে মোট ১৮ লাখ ৭৮ হাজার ৪৬ জন আবেদন করেছিলেন, যার মধ্যে ১৬ লাখেরও বেশি ছিলেন পূর্বের অপেক্ষমাণ আবেদনকারী। বিশাল এই আবেদনকারীর ভিড় ঠেলে নির্বাচিত হওয়া এই তুর্কি দম্পতিদের ভাগ্যকে দেশটির জনগণ আল্লাহর বিশেষ কৃপা হিসেবেই দেখছেন।
সবকিছু ঠিক থাকলে নির্বাচিত তুর্কি হজযাত্রীরা তাদের কাঙ্ক্ষিত এই পবিত্র সফরের উদ্দেশ্যে সৌদি আরবের পথে যাত্রা শুরু করবেন। টিএইচএ/
