নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের

by Abid vs36

দেশের জনগণের অধিকার আদায়ে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন
banner

এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, লংমার্চে কোনো বাধা দেওয়া হলে তা দ্বিগুণ শক্তিতে মোকাবিলা করে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে নিত্যপণ্যের বাড়তি দাম অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি। সাম্প্রতিক বিভিন্ন সংকটের প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন জোটের অন্য শীর্ষ নেতারাও।

অবস্থান কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার পদে পদে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। গ্যাস ও বিদ্যুৎসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার কোনো স্বপ্ন দেখা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া ছাত্রদলের সমালোচনা করে তিনি বলেন, ছাত্রদল আবারও ছাত্রলীগের রূপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হল দখলের পাঁয়তারা চালাচ্ছে।

প্রতিবাদ সমাবেশ থেকে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে সুনির্দিষ্ট ১০ দফা জনদাবি তুলে ধরে ১১ দলীয় ঐক্য। দাবিগুলোর মধ্যে রয়েছে গত তিন মাসে আদায় করা কথিত ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের বিষয়ে গণশুনানির আয়োজন, দায়ীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ নিশ্চিত করা। এ ছাড়া প্রিপেইড ও পোস্টপেইড মিটারে ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও অন্যান্য অযৌক্তিক চার্জ বাতিল, অতিরিক্ত আদায় করা অর্থ স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের ফেরত দেওয়া এবং বিদ্যুৎ বিলিং ব্যবস্থায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

জোটের পক্ষ থেকে আরও দাবি করা হয়, গ্যাস সরবরাহ না থাকলে বিল আদায় বন্ধ করতে হবে। একই সঙ্গে গ্যাস উৎপাদন বৃদ্ধি, আমদানিনির্ভরতা কমাতে দীর্ঘমেয়াদি জাতীয় জ্বালানি নীতি প্রণয়ন, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান এবং নতুন কূপ খননের উদ্যোগ নিতে হবে। মহেশখালী এলএনজি টার্মিনালের ব্যর্থতার তদন্ত, ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ, পুনরায় চালুর সময়সূচি ঘোষণা এবং বিকল্প জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানানো হয়। পাশাপাশি গ্যাসের সিস্টেম লস, চুরি ও অপচয় বন্ধ, স্মার্ট মিটারিং চালু এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কঠোর দাবি জানানো হয়।

রাজধানীর মুক্তাঙ্গণে অনুষ্ঠিত এই অবস্থান কর্মসূচিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222