বিপিএলের অন্যতম আকর্ষণ, ক্যারিবীয় ক্রিকেটার রাহকিম কর্নওয়াল ইনজুরির কারণে আসর শেষ না করেই টুর্নামেন্ট ছাড়তে বাধ্য হয়েছেন। সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা এই দীর্ঘদেহী অলরাউন্ডারের বিদায়ের খবরটি নিশ্চিত করেছে তার ফ্র্যাঞ্চাইজি।
প্রথম ম্যাচে অসুস্থতার কারণে খেলতে না পারা কর্নওয়াল দ্বিতীয় ম্যাচেও ছিলেন একাদশের বাইরে। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে করেন ১৮ রান এবং বোলিংয়ে নেন ১টি উইকেট। ঢাকার বিপক্ষে তিনটি উইকেট শিকার করলেও ব্যাটিংয়ে ব্যর্থ হন তিনি। খুলনার বিপক্ষে ফর্ম ধরে রাখতে না পারায় পরবর্তীতে একাদশ থেকে বাদ পড়েন।
সিলেট স্ট্রাইকার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে কর্নওয়ালের বিদায়ের বিষয়টি জানায়। ভিডিওতে কর্নওয়াল তার ভক্তদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশকে বিদায় জানান।
এবারের বিপিএলে সিলেট দলে বড় তারকার সংখ্যা কম থাকলেও কর্নওয়ালের অনুপস্থিতি দলটির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। পল স্টার্লিং, জর্জ মানসি, রিস টপলির মতো খেলোয়াড়রা থাকলেও কর্নওয়ালের বিদায় পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
