বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। তিনি নেপথ্যের কারিগর না, প্রকাশ্যের কারিগর বলা যায়। তিনি ৬ হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকে বলেছেন টেক-ব্যাক বাংলাদেশ।’
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর জেলা বিএনপির কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি, তারা কোটাবিরোধী আন্দোলন করেছিল। তারা ৩ তারিখে এক দফার আন্দোলনে গিয়েছিল, বিএনপি অনেক আগেই সরকার পতনের ১ দফার আন্দোলনে গিয়েছিল।
নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামালের সভাপতিত্বে কম্বল বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন ভুঁইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা প্রমুখ।
এমএনএকে/
