পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক সময়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে তীব্র সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আফগানিস্তানের তালেবান সরকার অভিযোগ করেছে যে, পাকিস্তানে ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর ঘাঁটি তৈরি হচ্ছে এবং তারা নতুন করে নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে।
তালেবান সরকারের দাবি, পাকিস্তানের বেলুচিস্তান এবং খায়বার পাখতুনখা অঞ্চলের কিছু উপজাতীয় এলাকায় আইএস তাদের ঘাঁটি স্থাপন করছে এবং সেখানে নতুন সদস্য সংগ্রহ করছে। আফগানভিত্তিক গণমাধ্যম খামা প্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে, তালেবান সরকার ২২ জানুয়ারি তাদের বার্ষিক নিরাপত্তা এবং শুদ্ধি বিষয়ক কমিশনের রিপোর্টে এ অভিযোগ করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে রাষ্ট্রদ্রোহী এবং শান্তি বিরোধী সংগঠনগুলোকে উৎখাত করা হলেও তাদের প্রধানরা প্রতিবেশী পাকিস্তানে পালিয়ে গিয়ে সেখানে আবার সংগঠিত হতে চেষ্টা করছে। তালেবান জানায়, আইএস এই সময়ের মধ্যে বেলুচিস্তান এবং খায়বার পাখতুনখার বিভিন্ন অঞ্চলে এশিয়া ও ইউরোপ থেকে নতুন সদস্য সংগ্রহ করছে, এবং তারা আগামী কয়েকমাসের মধ্যে ওই অঞ্চল এবং বিশ্বব্যাপী হামলা চালানোর পরিকল্পনা করছে।
পাকিস্তান সরকারের তরফে তালেবানের এই অভিযোগের ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে পাকিস্তানও আগে তালেবানদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এনএ/
