৩৬নিউজ প্রতিবেদক >>
টঙ্গীর তুরাগ তীরে বৃহস্পতিবার সন্ধ্যায় আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনু্ষ্ঠানিকতা।
আগামী ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ পর্ব।

আজ ইজতেমার ময়দানে নানা আয়োজন এবং বয়ান অনুষ্ঠিত হবে। সকাল পৌনে ১০টায় শুরু হবে প্রত্যেক খিত্তায় তালিমের আমল। তালিমের আগে ভারতের প্রবীণ আলেম মাওলানা জামাল মোজাকারা (আলোচনা) করবেন।

- সকাল ১০টায় শিক্ষক ও আলেমদের জন্য মিম্বারে বয়ান করবেন মাওলানা ফারাহিম (ভারত)।
- ছাত্রদের উদ্দেশে নামাজের মিম্বারে বয়ান করবেন প্রফেসর আব্দুল মান্নান (আলিগড়)।
- টিনশেড মসজিদে খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) উদ্দেশে বয়ান করবেন মাওলানা আকবর শরিফ (ভারত)।

এছাড়া, আজ জুমার নামাজের ইমামতি করবেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা জুবায়ের আহমদ (বাংলাদেশ)। জুমা নামাজ পরবর্তী বয়ান করবেন শায়েখ উমর খাতিব (জর্ডান)।

বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবায়ের আহমদ (বাংলাদেশ) এবং বাদ মাগরিব বয়ান করবেন তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বি মাওলানা আহমেদ লাট (ভারত)।

এসব তথ্য ৩৬নিউজকে নিশ্চিত করেন শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক মাওলানা হাবিবুল্লাহ রায়হান।

এদিকে বিশ্ব ইজতেমা ময়দানের অগ্নিনিরাপত্তা দিতে ও প্রাথমিক চিকিৎসা দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। দিনরাত ২৪ ঘণ্টা সেবা পেতে মোবাইল নম্বর চালুসহ গঠন হয়েছে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ। পুরো ইজতেমা ময়দান অগ্নিনিরাপত্তা দিতে প্রস্তুত রাখা হয়েছে ৩৭৪ জন জনবল। এছাড়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে ড্রোন ইউনিট মোতায়েন করা হয়েছে। ইজতেমা ময়দানে ফায়ার সার্ভিসের সেবা পেতে ০১৯০১০২০৮৮৫ এই মোবাইল নম্বর ও ০২২২৪৪১০০৮২ নম্বরটি ২৪ ঘণ্টা খোলা থাকবে। এছাড়া নৌ দুর্ঘটনা প্রতিরোধে তুরাগ নদে (কামারপাড়া ব্রিজের নিচে) রেসকিউ স্পিড বেটি ও চার জনের ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।
এনএ/
