দেশে এলপি গ্যাসের দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজির দাম ১৯ টাকা বৃদ্ধি করে ১৪৭৮ টাকা নির্ধারণ করেছে। একইসঙ্গে অটোগ্যাসের দাম লিটারে ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭.৭৪ টাকা করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) নতুন এই দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের দাম বাড়ার পাশাপাশি ডলারের মূল্য বৃদ্ধির ফলে আমদানির খরচ বেড়েছে, যার কারণে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আমদানি পর্যায়ে এলপি গ্যাসের দাম গড়ে ১০ ডলার বেড়েছে প্রতি টনে।
এলপি গ্যাসের দাম জানুয়ারি মাসেও দুই দফায় বাড়ানো হয়েছিল। প্রথমে ২ জানুয়ারি এবং পরে ভ্যাট বৃদ্ধি পাওয়ায় দাম আবারও বাড়ানো হয়েছিল, যার ফলে ১২ কেজি এলপিজির দাম ১৪৫৯ টাকা করা হয়েছিল।
এদিকে, ১ ফেব্রুয়ারি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ডিজেল, কেরোসিন, পেট্রোল এবং অকটেনের দাম লিটার প্রতি ১ টাকা করে বাড়িয়েছে।
এনএ/
