মুর্শিদাবাদের ঐতিহাসিক নবাব সিরাজ-উদ-দৌলার সম্পত্তি রক্ষায় কলকাতা হাইকোর্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আদালত একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে, যাতে আর্কিওলজি বিভাগের এক প্রতিনিধি, হেরিটেজ বিভাগের এক প্রতিনিধি এবং মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট অন্তর্ভুক্ত রয়েছেন।
এই কমিটি নবাবের সম্পত্তির রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে এবং ছয় মাসের মধ্যে আদালতে একটি রিপোর্ট জমা দেবে।
হাইকোর্ট সূত্র জানায়, এখন থেকে কমিটির সদস্যরা নবাবের ঐতিহাসিক সম্পত্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা সম্পত্তির অবস্থা পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আদালতকে অবহিত করবেন।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে নজরদারির অভাবে নবাব সিরাজ-উদ-দৌলার ঐতিহাসিক সম্পত্তি ভাগীরথী নদীতে তলিয়ে যাচ্ছে। সরকার এই সম্পত্তির রক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বিষয়টি কলকাতা হাইকোর্টে উত্থাপিত হয়।
এদিকে, হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্য সরকারকে হেরিটেজ রক্ষার বিষয় নিয়ে কঠোর ভর্ৎসনা করেছেন। তিনি বলেন, “বড় বড় হাইরাইজ বিল্ডিং তৈরি করা হচ্ছে ঐতিহাসিক স্থানগুলোতে। পুরনো ইতিহাস রক্ষা করার পরিবর্তে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে।”
হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, “কোনো কিছু ভাঙা খুব সহজ, কিন্তু তা আবার পুনরুদ্ধার করা সম্ভব নয়।”
এনএ/
